সৌদি আরবে মেশিন পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারালেন কুমিল্লার প্রবাসী যুবক

সৌদি আরবে মেশিন পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারালেন কুমিল্লার প্রবাসী যুবক
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

সৌদি আরবে কর্মক্ষেত্রে এক মর্মান্তিক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত যুবকের নাম মো. নাদিম হোসেন (২৭)। তিনি কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে। ​পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ১০ মাস আগে নাদিম সৌদি আরবে পাড়ি জমান। সেখানে আল-কাসিমের বুকারিয়া এলাকার একটি খেজুর প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় তিনি কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে তিনি সেখানে কঠোর পরিশ্রম করছিলেন।

​স্বজনরা জানান, ঘটনার সময় একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করার জন্য নাদিম মেশিনের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ​ঘটনার পর সৌদি আরবের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ​নাদিমের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর যদুপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনকে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে নিহতের বাবা সামাদ মিয়া অভিযোগ করে বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ