আনোয়ারা হাইলধরে এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী র্যালি
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদক ও জুয়াবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর হাইলধর এলাকায় যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করেন উত্তর হাইলধর ৭ং ওয়ার্ডের সচেতন এলাকাবাসী। র্যালিতে আনোয়ারা থানা পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও জুয়াবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর হাইলধর জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল কালাম, খলিলুর রহমানসহ এলাকার সচেতন নাগরিকরা।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ও জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় বক্তারা উত্তর হাইলধরসহ আনোয়ারাকে মাদক ও জুয়ামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকের বিরুদ্ধে চলমান সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া