নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমার অংশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৩০০ থেকে ৪০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্পসংলগ্ন এলাকায় আগে থেকেই পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণ ঘটে। এ সময় বাঁশ কাটতে গেলে সাইফুলের পা ল্যান্ডমাইনের ওপর পড়লে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে তার দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত সাইফুলকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

নিহত মো. সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের ছেলে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবরও পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের মিয়ানমার অংশে নতুন করে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি