খেলাধুলাই পারে যুবসমাজকে বিপথগামী থেকে রক্ষা করতে : রুহুল আমিন বিশ্বাস
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধসহ নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা। তিনি বলেছেন, খেলাধুলাই পারে যুবসমাজকে বিপথগামী থেকে রক্ষা করতে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। এতে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে উঠবে।” সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় শাখার নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচে নবম শ্রেণির খেলোয়াড়রা ২-১ গোলে দশম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত দক্ষতা ও কৌশলের সমন্বয়ে নবম শ্রেণির দল জয় তুলে নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার খান, কলেজ শাখার সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক আলী হাসান, শরীরচর্চা শিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষক বিউটি খাতুন, নূর ই আলম সিদ্দিক, সিনিয়র শিক্ষক ফারুক উদ্দিন খান, প্রদীপ কুমার সাহা, মো. নাসিম, সহকারী গ্রন্থাগারিক আবু তাহের ও খণ্ডকালীন শিক্ষক মামুন হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বিশ্বাস রানা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শুধু ভালো ফলাফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়, একজন শিক্ষার্থীকে সুস্থ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। তিনি বলেন,“শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মাঠমুখী করতে পারলে তারা মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” অনুষ্ঠানে রানা গ্রুপের অর্থায়নে ২০২৬ সালে বিদ্যালয় শাখা থেকে জিপিএ-৫ অর্জনকারী আটজন শিক্ষার্থীকে এবং পঞ্চম শ্রেণির পাঁচজন ও অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার সময় শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিরা তাদের অভিনন্দন জানান। ফুটবল ম্যাচটি পরিচালনা করেন বিদ্যালয় শাখার সহকারী শিক্ষক ইয়াকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রোকন উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। খেলাধুলা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানকে ঘিরে পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের আন্তঃশ্রেণি ক্রীড়া প্রতিযোগিতা তাদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান