আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
চিত্রনায়িকা অপু বিশ্বাস জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আজ রোববার তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, অপু বিশ্বাস আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। রাষ্ট্রপক্ষ তাঁর জামিনের বিরোধিতা করলেও উভয় পক্ষের যুক্তি শুনানির পর আদালত তাঁকে জামিন দেন। এর আগে, গত ২ জুন হাইকোর্ট থেকে তিনি এই মামলায় ৬ সপ্তাহের অগ্রিম জামিন লাভ করেছিলেন।
উল্লেখ্য, গত মার্চ মাসে এনামুল হক নামে এক ব্যক্তি ঢাকার আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এনামুল হক গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন। আদালতের নির্দেশে ভাটারা থানা পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে।
পুলিশ সূত্রে জানানো হয়েছিল, মামলায় ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার ও জায়েদ খান অন্যতম। অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসব শিল্পী ক্ষমতাসীন দলের পক্ষে সমর্থন ও অর্থায়ন করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ