‘৫ কোটি টাকা চাঁদা না পেয়ে’ পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি, আহত এক

‘৫ কোটি টাকা চাঁদা না পেয়ে’ পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি, আহত এক
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

চাঁদাবাজির বিরুদ্ধে দেশজুড়ে উত্তাপের মধ্যেই রাজধানীর পল্লবী এলাকায় এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার বিকেলে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ৫ কোটি টাকা চাঁদা দাবি করে একদল সশস্ত্র লোক হামলা চালায়। এ সময় তারা ৪টি গুলি বর্ষণ করে, যাতে প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান আজকের ঘটনার পেছনে জামিল নামের এক ব্যক্তিকে দায়ী করেন। তিনি জানান, গত তিন সপ্তাহ আগে জামিল ৫ কোটি টাকা চাঁদা চান। টাকা না দেওয়ায় এর আগেও দুইবার প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম লুট করে নেয় সন্ত্রাসীরা। গতকাল ৩০-৪০ জন অস্ত্রসজ্জিত লোক আবারও হামলা করে গুলিবর্ষণ করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজাদ জানান, ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি, তবে তদন্ত চলছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত বৃহস্পতিবার চাঁদাবাজি ও হামলার বিষয়ে পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছিল।

এ ঘটনার আগে, গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ)-কে প্রকাশ্যে হত্যা করা হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসে ২ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করাই এই নৃশংস হত্যার কারণ।

চাঁদাবাজির এই সিরিজ ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ব্যবসায়ী ও স্থানীয়রা প্রশ্ন তুলছেন, কিভাবে প্রকাশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হচ্ছে? পুলিশের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন ক্ষুব্ধ নাগরিকরা।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাগুলো গভীরভাবে তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে, চাঁদাবাজির মতো সংগঠিত অপরাধ দমনে কঠোর পদক্ষেপের দাবি উঠছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন স্তরে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ