ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ: চাঁদাবাজি বন্ধ ও মিটফোর্ড হত্যার বিচার দাবি

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ: চাঁদাবাজি বন্ধ ও মিটফোর্ড হত্যার বিচার দাবি
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ হত্যার বিচার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টায় সায়েন্স ল্যাব এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা 'ঢাকা কলেজ' ব্যানারে একটি মিছিল বের করে, যা সায়েন্স ল্যাব মোড় ঘুরে আবার কলেজের সামনে এসে শেষ হয়। তারা "চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও", "চব্বিশের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই", "আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম"—এর মতো স্লোগান দেন।

মিছিল শেষে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সালেকিন বলেন, "সারা দেশে চাঁদাবাজি বেড়ে চলেছে, যার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। মিটফোর্ডের সামনে নৃশংস হত্যাকাণ্ড তারই ফল। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"

অন্যদিকে, বেলা একটার দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ করে। তারা কলেজের সামনে থেকে মিছিল শুরু করে সায়েন্স ল্যাব মোড়, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে মিটফোর্ড হাসপাতালের দিকে অগ্রসর হন। এ সময় তারা "চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফিরিয়ে দে", "চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার"—স্লোগান দেন।

আইডিয়াল কলেজের শিক্ষার্থী আসাদুল্লাহ আজিম বলেন, "চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। চাঁদা না দিলে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।"

এই বিক্ষোভে শিক্ষার্থীরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি লাল চাঁদ হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি তুলে ধরেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ