পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক শিশুদের পাশে থাকার ও সহযোগিতার আশ্বাস দিলেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনার আশার আলো অটিজম চাইল্ড কেয়ার সেন্টারের শিক্ষা, প্রশিক্ষণ ও শিশুদের পরিচর্যা কার্যক্রম পরিদর্শন করেছেন পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। এ সময় তিনি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করে এর পাশে থাকা এবং সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন। সোমবার ১৬ নভেম্বর পাবনা শহরের গোপালপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানায়। পরে তিনি প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে গিয়ে শিশুদের পাঠদান, শিক্ষা ও প্রশিক্ষণ পদ্ধতি ঘুরে দেখেন। পাশাপাশি শিশুদের বিনোদন ও খেলাধুলার সামগ্রী এবং নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় শিশুদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন অতিথিরা। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা শোনেন।
এ সময় জেলা পরিষদ প্রশাসক জহুরুল ইসলাম বিশু বলেন, বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছেন। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাভাবিক জীবনযাপনের উপযোগী করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটির আন্তরিক প্রচেষ্টা তাঁকে অভিভূত করেছে। এসব শিশুর পাশে দাঁড়ানো শুধু প্রতিষ্ঠানের নয় বরং অভিভাবক হিসেবে সমাজের সবার দায়িত্ব। তিনি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটির খোঁজখবর রাখবেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্যসচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১০ জন শিক্ষক কর্মরত রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। এসব শিশুর শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বাড়িতেও বিশেষ যত্ন ও পরিচর্যার প্রয়োজন হয়। জনগণের কল্যাণে রাজনীতি করেন উল্লেখ করে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশুর দায়িত্ব সমাজের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে।
প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে এসে এর কার্যক্রম প্রত্যক্ষ করে তিনি অভিভূত হয়েছেন জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠানটিকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে হবে। পর্যায়ক্রমে জেলা প্রশাসক, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এতে প্রতিষ্ঠানের বাইরেও থাকা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অভিভাবকেরা উৎসাহিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম শরিফ, আশার আলো অটিজম চাইল্ড কেয়ার সেন্টারের অধ্যক্ষ মেরিনা ইসলাম, পরিচালক মাহফুজা আক্তার ও নজরুল ইসলাম এবং সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।
উল্লেখ্য, নানা বাধা-বিপত্তি ও আর্থিক সংকটের মধ্যেও গত দুই বছর ধরে আশার আলো অটিজম চাইল্ড কেয়ার সেন্টার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে কাজ করে যাচ্ছে। দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে শিশুদের কথা বলা, স্বাভাবিক জীবনযাপনের দক্ষতা অর্জন, নিজের যত্ন নেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা, অক্ষর চেনা, লেখা শেখা, ছবি আঁকা, খাওয়া-দাওয়া এবং টয়লেট ব্যবহারের মতো দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় পরিচালিত হচ্ছে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও রয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, পরিচর্যা ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটির এ উদ্যোগ স্থানীয়ভাবে আশার সঞ্চার করছে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান