ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে সন্তানের মারধরে এক মায়ের মৃত্যু, ছেলে ও পুত্রবধূ পলাতক

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে সন্তানের মারধরে এক মায়ের মৃত্যু, ছেলে ও পুত্রবধূ পলাতক
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরশহরের কাকনহাটি গ্রামে সন্তানের মারধরের অভিযোগের পর মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে কামরুল (৪০) ও পুত্রবধূ নিলুফা বেগম (৩৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে। নিহত মিনারা বেগম কাকনহাটি গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত শিহাব উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে নিহতের ছোট ভাই আল-আমিন ও মেয়ে শাহানারা বেগম (চায়না) তাকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে শাহানারা বেগম জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কামরুল ও তার স্ত্রী প্রায়ই মাকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে তারা মাকে মারধর করেন। পরে ঘরের দরজায় শিকল ঝুলিয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি মামাকে জানানো হয়। পরে তিনি এসে তাদের উদ্ধার করে অসুস্থ মিনারা বেগমকে হাসপাতালে নিয়ে যান।

স্বজনদের বরাতে জানা যায়, মারধরের পর অসুস্থ মিনারা বেগমকে রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে ছেলে কামরুল ও তার স্ত্রী নিলুফা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের পুলিশ চেষ্টা চালাচ্ছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল