নাইক্ষ্যংছড়িতে শিক্ষার মানোন্নয়ন ও চ্যালেঞ্জ উত্তরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার মানোন্নয়ন ও চ্যালেঞ্জ উত্তরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। সভায় উপজেলার পাঁচটি ইউনিয়ন—নাইক্ষ্যংছড়ি সদর, বাইশারী, সোনাইছড়ি, দোছড়ি ও ঘুমধুমের সরকারি-বেসরকারি মোট ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার মান, অবকাঠামোগত সংকট, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাঠদানের পরিবেশসহ বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে নিজেদের সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ উপস্থাপন করেন। সভায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর কঠোর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকারের নির্দেশনার আলোকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের বিষয়ে বিশেষ তাগিদ দেওয়া হয়।

বক্তারা বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই নয়, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সাধন করাও মানসম্মত শিক্ষার অন্যতম মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কোনো ধরনের শৈথিল্য সহ্য করা হবে না এবং মাঠপর্যায়ে উদ্ভূত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। মতবিনিময় সভা শেষে পারস্পরিক সহযোগিতা, উচ্চ দায়িত্বশীলতা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও গুণগত মান আরও বহুগুণ উন্নত করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি