নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫০ হাজার ২১৮ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫০ হাজার ২১৮ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। শুক্রবার (২৬ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ফুলাঝিড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৪৭/৩-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলাঝিড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একদল চোরাকারবারী মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির আভিযানিক দল তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচটি কার্টনে থাকা মোট ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ৪৯ হাজার ৭২০ পিস এবং সবুজ রঙের ৪৯৮ পিস ইয়াবা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি