লক্ষ্মীপুরে নৃশংস হত্যাকাণ্ডে নিহত মা ও তিন কন্যার শেষ বিদায়: হোমনায় শোকের মাতম
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের চার সদস্য—মা ও তাঁর তিন কন্যার মরদেহ শেষ পর্যন্ত এসে পৌঁছেছে তাঁদের নাড়ির টান, কুমিল্লার হোমনায়। শুক্রবার (২৬ জুন) রাতে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায় তাঁদের চিরবিদায়ের ক্ষণে। শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে হোমনা পৌরসভার লটিয়া ঈদগাহ মাঠে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে, যা মুহূর্তেই এক শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। মুফতি সামসুল হক আরিফীর ইমামতিতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাঁদের দাফন সম্পন্ন করা হয়। এই লোমহর্ষক ঘটনায় হোমনা উপজেলাসহ পুরো দেশের বিবেক আজ ব্যথিত। স্বজনদের হৃদয়বিদারক আর্তনাদে আকাশ-বাতাস যেন ভারি হয়ে উঠেছে। হত্যাকাণ্ডের শিকার এই চারজনের অকাল মৃত্যু এলাকাবাসী কিছুতেই মেনে নিতে পারছেন না। হোমনা থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া জানাজার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, এই নৃশংসতার সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে অতি দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এমন জঘন্য ঘটনা যাতে আর কোনো পরিবারকে দেখতে না হয়, সেই দাবিই এখন সবার মুখে। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে স্থানীয় সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দৈনিক বিজয় নিউজ/ ইডি