নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ১ লাখ ৭৯০ পিস ইয়াবা উদ্ধার
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
সীমান্তে মাদক পাচার রোধে পরিচালিত বিশেষ অভিযানে ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী কাজুবাদাম বাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। অভিযান চলাকালে চোরাকারবারীদের একটি দলকে ধাওয়া করলে তারা তাদের কাছে থাকা ইয়াবার চালান ফেলে দ্রুত জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০টি কার্টনে রাখা মোট ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে খয়েরি রঙের ৯৯ হাজার ৭৯২ পিস এবং সবুজ রঙের ৯৯৮ পিস ইয়াবা রয়েছে বলে জানানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত ইয়াবা প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি