নওগাঁর নিয়ামতপুর আঘোর বাজার এলাকায় ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে ১৯৪ বস্তা ডিএপি DAP সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার ১৮ নভেম্বর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব সার জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আঘোর বাজারে অবস্থিত ‘মেসার্স আল আমিন ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট । এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ আবুল কালামের গুদাম থেকে নিয়মবহির্ভূতভাবে মজুদ রাখা ১৯৪ বস্তা ডিএপি সার উদ্ধার করে জব্দ করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা, অবৈধ মজুদদারি ও সারের কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষি উপকরণের বাজার স্বাভাবিক রাখা এবং কৃষকদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার