এমপি শিমুল বিশ্বাসের হস্তক্ষেপে কাশিপুরের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজ শুরু হচ্ছে

এমপি শিমুল বিশ্বাসের হস্তক্ষেপে কাশিপুরের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজ শুরু হচ্ছে
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া পাবনার কাশিপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের হস্তক্ষেপে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে দ্রুত সংস্কার কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ সংসদ সদস্য শিমুল বিশ্বাসের নজরে আনলে তিনি তাৎক্ষণিক ভাবে সওজ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে পাবনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনসুরুল আজিজ, উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে দ্রুত সংস্কার কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বিসমিল্লাহ বর্ষণ কনস্ট্রাকশন ইতোমধ্যে স্ক্যাভেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কাশিপুর বাজার এলাকায় নিয়ে এসেছে এবং কাজ শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছে। উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন জানান, চাঁদাখার বাঁশতলা থেকে আওতাপাড়া বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়কে ওয়্যারিং কোর্স, ডিবিএলসি ও রিজিড পেভমেন্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। প্রয়োজনীয় সরঞ্জাম এলাকায় পৌঁছে গেছে। তবে বৈরী আবহাওয়া ও বর্ষা মৌসুমের কারণে কাজ শুরু হতে সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগতে পারে। স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্য শিমুল বিশ্বাসের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতার প্রশংসা করে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসানে কার্যকর উদ্যোগ নেওয়ায় সড়কটি দ্রুত সংস্কার হবে বলে তারা আশাবাদী। তাদের মতে, জনগণের সমস্যা সমাধানে সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা এবং সরকারি কর্মকর্তাদের সরাসরি মাঠপর্যায়ে উপস্থিতি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান