আজিজ খলিফা হত্যা মামলার প্রধান আসামি উদয়ন ধর গ্রেফতার!

আজিজ খলিফা হত্যা মামলার প্রধান আসামি উদয়ন ধর গ্রেফতার!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ব্যবসায়ী আজিজ খলিফা অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি এবং ঘটনার মূল পরিকল্পনাকারী উদয়ন ধর (৪০)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (৮ জুন) রাত ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের দুর্গম জঙ্গল এলাকায় পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানে অংশ নেয় র‍্যাব-১৫, কক্সবাজার এবং র‍্যাব-৭, চট্টগ্রামের সিপিসি-৩ এর সদস্যরা। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর উদয়ন ধরের অবস্থান নিশ্চিত করা হয়। পরে যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ মে দুপুরে ব্যবসায়ী আজিজ খলিফা তার পাওনা ছয় লাখ টাকা আদায়ের জন্য উত্তর বাইশারী বাজারে অবস্থিত উদয়ন ধরের কাপড়ের দোকানে যান। সেখানে টাকা পরিশোধ না করে উদয়ন ধর কৌশলে তাকে কক্সবাজারের একটি হাসপাতালে পাঠিয়ে দেয়।

অভিযোগ রয়েছে, হাসপাতালে পৌঁছানোর পর পূর্বপরিকল্পনা অনুযায়ী কয়েকজন ব্যক্তি আজিজ খলিফাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে নির্মম নির্যাতনের শিকার করা হয়। নির্যাতনের একপর্যায়ে আজিজ খলিফা নিজের ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে স্বজনদের কাছে একটি ভয়েস বার্তা পাঠাতে সক্ষম হন। পরে একই দিন রাতে কক্সবাজারের ঈদগাঁও থানার কালিরছড়া এলাকার রেললাইনের পাশ থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। আইসিইউ সংকটের কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা ব্যয়ের চাপ সামলাতে না পেরে পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে। পরে গত ২৩ মে সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরে নিহতের দ্বিতীয় স্ত্রী সেলিনা আক্তার বেবী নাইক্ষ্যংছড়ি থানায় অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি উদয়ন ধর আত্মগোপনে চলে যায়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত উদয়ন ধর নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাংগাইশিয়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি