রাজশাহীতে অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসের একাধিক মামলার আসামি নজরুল ইসলাম জুলু কারাগারে
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা চেষ্টা, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক মামলার আসামি এবং নিজেকে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি পরিচয়দানকারী নজরুল ইসলাম জুলুকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর খুলিপাড়া এলাকায় তার নিজ বাসভবনে প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন নজরুল ইসলাম জুলু। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আটকের পর তাকে আদালতে পাঠানোর জন্য থানার হাজতখানা থেকে বের করা হলে উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ করেন। এ সময় হাতে হাতকড়া থাকা অবস্থায় তিনি সাংবাদিক মাজারুল ইসলাম চপলের দিকে তেড়ে গিয়ে লাথি মারেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাজশাহীর পাঁচ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনার ভিডিওচিত্র সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।
হুমকির শিকার সাংবাদিকরা হলেন— রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক মো. নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জুলুর বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী রাজিব আলী রাতুল। সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর নজরুল ইসলাম জুলু সশস্ত্র সহযোগীদের নিয়ে রাজশাহী প্রেসক্লাব দখল করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে প্রেসক্লাবকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন এবং সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এর আগে রাজশাহী মহানগরীর সিনিয়র ফটো সাংবাদিক শামস রুমির দায়ের করা চাঁদাবাজির মামলায়ও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এলাকাবাসীর অভিযোগ, নিজ এলাকায় প্রভাব বিস্তার করে একাধিক ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নির্যাতন করেছেন তিনি। তার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং পরিচালিত হতো বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অস্ত্র মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। একই সঙ্গে রাজশাহী প্রেসক্লাব ও এর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পুলিশের সিডিএমএস তালিকা অনুযায়ী, নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে। তবে একাধিক গোয়েন্দা সূত্র দাবি করেছে, বাস্তবে তার বিরুদ্ধে মামলা সংখ্যা ২৪টিরও বেশি হতে পারে। এসব মামলার মধ্যে হত্যা, হত্যা চেষ্টা, অবৈধ অস্ত্র বহন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক অভিযোগ রয়েছে। এ বিষয়ে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান বলেন, “নজরুল ইসলাম জুলু দীর্ঘদিন ধরে রাজশাহীর সাংবাদিক সমাজ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করেছিলেন। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সন্ত্রাস, দখলদারিত্ব ও হয়রানির যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তার বিরুদ্ধে এই গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি আরও বলেন, “আমরা আশা করি, তার বিরুদ্ধে থাকা সকল অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে এবং প্রকৃত সত্য উদঘাটিত হবে।”
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “অভিযান চালিয়ে নজরুল ইসলাম জুলুকে আটক করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।” নজরুল ইসলাম জুলুর গ্রেপ্তারে রাজশাহীর সাংবাদিক সমাজ, সচেতন নাগরিক এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে বিভিন্ন মহল মতামত ব্যক্ত করেছে। তাদের মতে, সাংবাদিকতার আড়ালে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকলে আইনের শাসন আরও সুসংহত হবে। এ সময় রাজশাহী প্রেসক্লাবের সদস্য, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন