বুড়িচংয়ে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় করতে ভিভিও প্রদর্শনী

বুড়িচংয়ে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় করতে ভিভিও প্রদর্শনী
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা বাজারে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিভিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মঙ্গলবার (১১ মে) রাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বুড়িচং উপজেলার সমন্বয়কারী মো. মোশারফ হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জলিলসহ ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, এর সুফল এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরে একটি সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে ধারণা দেওয়া হয়। পরে প্রদর্শিত নাটিকার ওপর উপস্থিত দর্শকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ