পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে পাবনায় র‍্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার ৯ মে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবারের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সচেতনতা মূলক র‍্যালি বের করা হয়। পরে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। কর্মসূচিতে অংশ নেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা পরিষদের প্রশাসক মোঃ জহুরুল ইসলাম বিশু ও পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম প্রমুখ। এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান