সেবার ব্রতে চাকুরি : পাবনায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের কাগজপত্র যাচাই-বাছাই ও শারীরিক মাপ পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার ২৭ জুন সকালে পাবনা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। প্রথম দিনের কার্যক্রমে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং শারীরিক মাপ পরীক্ষা গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা দালাল চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চূড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচন করা হবে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, বাংলাদেশ পুলিশের প্রতিপাদ্য “সেবার ব্রতে চাকরি” বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বচ্ছ, জবাবদিহি মূলক ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সকল প্রার্থীর সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান