পাবনায় মাহাতাব বিশ্বাসের সুস্থতা ও মরহুম শফিউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
ঢাকায় চিকিৎসাধীন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসের সুস্থতা কামনা এবং দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম শফিউর রহমান খানের রুহের মাগফিরাত কামনায় পাবনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা শহরের দৈনিক সিনসা কার্যালয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পাবনার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরহুম শফিউর রহমান খান পাবনা থেকে প্রকাশিত সাপ্তাহিক পাবনা বার্তা ও দৈনিক ইছামতি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি পাবনা আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা কলেজ ও সেন্ট্রাল গার্লস হাই স্কুলের অভিভাবক সদস্য এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৩১ সালের ২৩ ডিসেম্বর পাবনা জেলার বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০১ সালের ৩১ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
অপরদিকে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় স্থানান্তর করা হয়। পাবনা সিটি কলেজ ও টেবুনিয়া সামছুল হুদা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস দীর্ঘ কর্মজীবনে পাবনার শিক্ষা, সমাজ ও গণমাধ্যম উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। আলোচনায় বক্তারা বলেন, অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি দুবলিয়ায় তার পিতা-মাতার নামে হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজ, ফজিলাতুন্নেছা গার্লস হাই স্কুল, পাবনায় পদ্মা কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রবর্তক ও প্রতিষ্ঠাতা। তাঁর প্রচেষ্টায় পাবনায় শতাধিক স্কুল, কলেজ ও মাদরাসা গড়ে উঠেছে। এছাড়া প্রস্তাবিত বেসরকারি মাস্ট ইউনিভার্সিটির জন্য নিজস্ব ১০ বিঘা জমিতে ১০ তলা ভবন নির্মাণ করা হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গণমাধ্যম ও পাবনায় ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সামছুল হুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, খয়েরসুতি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জিয়াউল হক জিয়া, পাবনা কলেজের সহকারী অধ্যাপক ড. আলমগীর হোসেন, সিটি কলেজ পাবনার অধ্যাপক মুক্তার হোসেন, সাঁথিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম, সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বাবু, স্কয়ার কর্মকর্তা এস এম তারিক হাসান সুমন এবং সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ প্রমূখ। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সিটি কলেজ পাবনার অধ্যাপক আশরাফুল ইসলাম টিংকু, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, দৈনিক সিনসার কম্পিউটার অপারেটর শেখ সোহেল রানা ও অফিস স্টাফ ফজলে রাব্বিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মানব কল্যাণ ট্রাস্টের সহকারী প্রধান শিক্ষক ক্বারী মাওলানা মো. আব্দুল মালেক নুমানী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন নদী গবেষক সহকারী অধ্যাপক ড. মনছুর আলম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সিনসার সম্পাদক ও সহকারী অধ্যাপক এস এম মাহাবুব আলম।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান