দিনাজপুরে টিএমএসএসের সরাসরি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত : সহস্রাধিক চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীর অংশগ্রহণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের উদ্যোগে দিনাজপুরে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জনবল নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ নভেম্বর টিএমএসএসের অপারেশন-৯, দিনাজপুর ডোমেইনের ব্যবস্থাপনায় দিনাজপুরের টেকনিক্যাল মেমোরিয়াল হাইস্কুলে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীসহ বিভিন্ন জেলা ও উপজেলার সহস্রাধিক চাকুরি প্রত্যাশী তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। সকাল থেকেই নিয়োগ পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকায় চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রয়োজনীয় জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য কাগজপত্র সাথে নিয়ে প্রার্থীরা সারিবদ্ধভাবে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেন।
নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকাল থেকেই সার্বিক কার্যক্রম তদারকি করেন টিএমএসএসের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক মোঃ আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ডোমেইনের ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া, অপারেশন-৪ রংপুর ডোমেইনের ডোমেইন প্রধান শাহিন মিয়া, মানবসম্পদ কর্মকর্তা জিয়াউর রহমানসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন জোন ও রিজিওনের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োগ পরীক্ষার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রার্থীদের সাথে কথা বলেন। যোগ্যতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় উপযুক্ত প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে তাঁরা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কর্মকর্তারা জানান, দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে টিএমএসএস নিয়মিত জনবল নিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে একদিকে যেমন বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণেও দক্ষ জনবল যুক্ত হচ্ছে।
উল্লেখ্য, ১৯৬৪ সালে বগুড়ার ঠেঙ্গামারা গ্রামে যাত্রা শুরু করে টিএমএসএস। পরবর্তীতে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সাংগঠনিক ভাবে ব্যাপক বিস্তৃতি লাভ করে। স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র অর্থায়নকে প্রধান ভিত্তি করে টিএমএসএস বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বহুমুখী উন্নয়ন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান