পাবনায় সপ্তাহ ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

পাবনায় সপ্তাহ ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পাবনা শহরের বর্ণমালা কিন্ডারগার্টেন মাঠ প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পিঠা উৎসব। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন কমিটির সভাপতি ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতারুজ্জামান আখতার বলেন, বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্য আমাদের গর্ব। পিঠা উৎসব শুধু খাবারের আয়োজন নয়, প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি এই ধরনের আয়োজনে সমাজে সম্প্রীতি বাড়ে বলেও মন্তব্য করেন। উৎসব প্রাঙ্গণে নারীদের তৈরি হাতে-তোলা আটার পিঠা, চিতই, ভাপা, পাটিসাপটা, দুধপুলি, নারিকেল পুলি ছাড়াও বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার স্টল বসেছে। সারা দিন এ উৎসবমুখর পরিবেশে সকল বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক কামাল আহম্মেদ সিদ্দিকী ও সাংবাদিক আরিফ আহম্মেদ সিদ্দিকী প্রমূখ বক্তব্য দেন। আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত এই পিঠা উৎসব চলবে। পাশাপাশি স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের নানা প্রতিযোগিতা ও ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজনও থাকবে। পাবনা জুড়ে এই পিঠা উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান