"সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন: দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন সৈয়দা রিজওয়ানা"
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ সরকারের নিরপেক্ষতার স্বার্থে সঠিক সিদ্ধান্ত।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নিতে চান বিধায় একটি অরাজনৈতিক সরকারে তাঁর থাকা উচিত নয়। এ কারণেই তিনি পদত্যাগ করেছেন। তবে নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত তাঁর কিছু দাপ্তরিক কাজ শেষ করার সময় দেওয়া হয়েছে। অন্য উপদেষ্টা মাহফুজ আলম সম্পর্কে রিজওয়ানা হাসান বলেন, "আমরা তাঁর ব্যাপারে পত্রিকা থেকেই তথ্য পাই। তবে আমাদের মনে হয়, সরকারের নিরপেক্ষতা রক্ষায় এই পদত্যাগ যথার্থ।"
তিনি আরও উল্লেখ করেন, পদত্যাগের ফলে তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ শূন্য হবে। নতুন দায়িত্ব কে পাবেন, তা নির্ধারণ করবেন প্রধান উপদেষ্টা। "পদত্যাগ কার্যকর হওয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই তা জানা যাবে," বলেন তিনি। উল্লেখ্য, গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পদত্যাগপত্র জমা দেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হয়। জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন তারা। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, আর আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
গতকাল এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা নিশ্চিত করেন, তবে দল বা আসন সম্পর্কে কিছু বলেননি। তিনি ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে গণমাধ্যমে আলোচনা হচ্ছে। অন্যদিকে, মাহফুজ আলম নির্বাচনে অংশ নেবেন কি না, তা এখনো জানাননি। গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট ২৩ জন উপদেষ্টা ছিলেন। এরমধ্যে এ দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের মাধ্যমে উপদেষ্টা সংখ্যা ২১-এ নেমে আসে।
দৈনিক বিজয় নিউজ/ ই