নূরজাহান বেগমের পদত্যাগ দাবি এনসিপি নেতার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন। বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এ দাবি তোলেন।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, “এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল উচ্চ। অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্রব্যবস্থাকে আমূল বদলানোর চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, স্বাস্থ্যব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠজন কোটায় নিয়োগ পেয়েছেন। ইউনূসের স্বজনপ্রীতির এটি জ্বলন্ত উদাহরণ। আমরা বারবার বলেছি, এ ধরনের অযোগ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নেই।”
তিনি আরও অভিযোগ করেন, “নূরজাহান বেগমের স্বাস্থ্য খাত বা চিকিৎসাব্যবস্থা সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাঁর একমাত্র যোগ্যতা গ্রামীণ ব্যাংকে কাজ করা এবং ড. ইউনূসের সহযোগী হওয়া। এমন উপদেষ্টা দিয়ে কী লাভ? আরও লজ্জার বিষয়, তিনি নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান—এতে প্রমাণ হয় দেশের স্বাস্থ্যব্যবস্থায় তাঁরই আস্থা নেই। আমরা তাঁর সঙ্গে আলোচনার চেষ্টা করলে তিনি যোগাযোগই বন্ধ করে দেন। জনগণের টাকায় তাঁর বেতন; এ অর্থ ফেরত দিয়ে অবিলম্বে তাঁকে পদত্যাগ করা উচিত।”
রাজনৈতিক প্রসঙ্গে হাসনাত উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহতদের শোক জানিয়ে বলেন, “আওয়ামী লীগ লাশের ওপর দিয়েই ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। আমরা ফ্যাসিবাদবিরোধী দল হিসেবে শোকাহত, কিন্তু তাদের উত্থান চেষ্টা করলে শোককে শক্তিতে রূপান্তর করে আমরা তাদের প্রতিহত করব।”
এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও সামান্তা শারমিনসহ অন্যান্য নেতাও সমাবেশে বক্তব্য দেন। এর আগে, সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। পদযাত্রাটি পরবর্তীতে কুমিল্লার দিকে রওনা হয়, যেখানে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে পথসভার পরিকল্পনা রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ