"মণিপুরে উত্তপ্ত ওয়াকফ আইনের বিরুদ্ধে জোরালো বিক্ষোভ"
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
মণিপুরে বিতর্কিত ওয়াকফ আইনবিরোধী বিক্ষোভ: নারী-পুরুষ-শিশুর সমাবেশ, বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ভারতের বিতর্কিত মুসলিম ওয়াকফ (সংশোধনী) আইন বাতিলের দাবিতে দেশজুড়ে চলমান বিক্ষোভের ঢেউ এখন উত্তর-পূর্বের মণিপুরেও। রাজ্যের ইম্ফল উপত্যকায় হাজার হাজার নারী, পুরুষ ও শিশু রাস্তায় নেমে এই আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওয়াকফ আইনবিরোধী এই বিক্ষোভ মণিপুরের ইম্ফল পূর্ব, থৌবাল ও বিষ্ণুপুরের মতো মুসলিম অধ্যুষিত এলাকায় তীব্র হয়েছে। খুমিদক বাজার-হাইক্রুমাখং এলাকায় আয়োজিত সমাবেশে কাইরাং, খাবেইসোই ও খুরাই খুমিদকের বাসিন্দারা ব্যাপকভাবে অংশ নেন। বিক্ষোভকারীরা মানববন্ধন ও স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এর আগে, গত সপ্তাহে এই আইন পাসের প্রতিবাদে মণিপুরের বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আসকার আলীর বাড়িতে উত্তপ্ত জনতা অগ্নিসংযোগ করে। পরে জনরোষের মুখে আসকার আলী মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। বিক্ষোভকারী তৈয়বুর রহমান বলেন, "আসকার আলীর বাড়িতে হামলা নিন্দনীয়, কিন্তু এই আইন মুসলিমদের জন্য হুমকি। বিল বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।"
উল্লেখ্য, সংসদে পাস হওয়ার আগেই এই বিল সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। প্রায় ১৫টি আবেদন নথিভুক্ত হয়েছে, যার শুনানি আগামী সপ্তাহে হতে পারে। গত সপ্তাহে লোকসভা ও রাজ্যসভায় দীর্ঘ বিতর্কের পর বিলটি পাস হয় এবং রাষ্ট্রপতির স্বাক্ষর পাওয়ার পর আইনে পরিণত হয়। মণিপুরের পরিস্থিতি এখনও উত্তপ্ত, এবং বিক্ষোভ যেকোনো সময় আরও বিস্তৃত হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
দৈনিক বিজয় নিউজ/ এমই