ইরানের নতুন প্রস্তাবের যে দিকটি নিয়ে ট্রাম্প আপত্তি জানিয়েছেন

ইরানের নতুন প্রস্তাবের যে দিকটি নিয়ে ট্রাম্প আপত্তি জানিয়েছেন
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত থামিয়ে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে সম্প্রতি তিন ধাপের একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। তবে প্রস্তাবটির একটি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। কয়েক দিন আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তিন স্তরের শান্তি প্রস্তাব পাঠায় ইরান। এতে প্রথম ধাপে ইরান ও লেবাননে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ এবং এ দুই দেশে মার্কিন বা ইসরায়েলি হামলা না হওয়ার নিশ্চয়তা চাওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ইরানের বন্দর ও হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া এবং প্রণালির পরিচালনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে বলা হয়েছে, প্রথম দুই ধাপে সংশ্লিষ্ট সব পক্ষ সমঝোতায় পৌঁছালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে।

এই তৃতীয় ধাপটিই মূল আপত্তির কারণ বলে জানিয়েছেন ট্রাম্প। তার মতে, আগে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হওয়া উচিত, এরপর অন্য বিষয়গুলো বিবেচনায় আসবে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান একটি সমঝোতা চায় এবং তারা চায় আমরা হরমুজ থেকে প্রহরা সরিয়ে নিই। কিন্তু আমি তা চাই না। আগে পরমাণু ইস্যুতে সমাধান হবে, তারপর অন্য সবকিছু। ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না।” গত ১২ এপ্রিল ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ এবং হরমুজ প্রণালিতে কড়া নজরদারির নির্দেশ দেন ট্রাম্প, যাতে কোনো ইরানি জাহাজ সমুদ্রপথে যেতে না পারে। যুদ্ধবিরতি চললেও এই নজরদারি অব্যাহত রয়েছে। ট্রাম্পের দাবি, এই অবরোধ সামরিক হামলার চেয়েও বেশি কার্যকর। তিনি বলেন, “এই অবরোধ তাদের চরম চাপে ফেলছে। তারা যদি অবস্থান না বদলায়, সামনে আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। তারা কখনোই পরমাণু বোমা পাবে না।” তিনি আরও বলেন, “বর্তমান অবস্থায় যদি তারা পরমাণু অস্ত্র না পাওয়ার বিষয়ে সম্মত না হয়, তাহলে অন্য কোনো ইস্যুতেই অগ্রগতি সম্ভব নয়।”

সূত্র: এক্সিওস