"উত্তাল বিক্ষোভের মধ্যে নেতার বাসভবনে জনতা অগ্নিসংযোগ করল।"
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ওয়াকফ বিল বিরোধী বিক্ষোভে উত্তাল মণিপুর, বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে চলা বিক্ষোভের ঢেউ এবার মণিপুরে। রাজ্যজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে কুশপুত্তলিকা দাহ করেছেন। এরই জেরে রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় মণিপুরের এক বিজেপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। আক্রান্ত নেতা আসকার আলী বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুর রাজ্য সভাপতি। সূত্রে জানা গেছে, ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে এই হামলা চালানো হয়।
এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, ওই দিন থৌবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কে পাঁচ হাজারের বেশি মানুষের সমাবেশ হয়। বিক্ষোভ শেষে সন্ধ্যায় নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সমাজসেবক সাকির আহমেদ বলেন, "এই বিল সংবিধানের মূলনীতির লঙ্ঘন এবং সম্প্রদায়ের জন্য অগ্রহণযোগ্য।" ইম্ফল পূর্বের কাইরাং ও কিয়ামগেই মুসলিম অঞ্চলসহ বিষ্ণুপুরের সোরা এলাকায়ও প্রতীকী প্রতিবাদ হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এমই