ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় ১১ বছর পর রায়: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ক্ষতিপূরণ ২ লাখ টাকা
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে প্রায় ১১ বছর আগে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আব্দুল মমিন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, জরিমানার সম্পূর্ণ অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। আসামির বর্তমান সম্পদ থেকে অর্থ আদায় সম্ভব না হলে ভবিষ্যতে অর্জিত সম্পদ থেকেও তা আদায় করতে হবে। প্রয়োজনে দণ্ডিতের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মমিন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী (বগুড়াপাড়া) গ্রামের মৃত জালাল বৈরাগীর ছেলে। তবে মামলার অপর আসামি মো. এরশাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর রাতে ১৪ বছর বয়সী ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা রেখে তার মা পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি আব্দুল মমিনকে কিশোরীকে ধর্ষণের অবস্থায় দেখতে পান। বাধা দিতে গেলে মমিন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়ভাবে বিচার না পেয়ে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত মঙ্গলবার এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বলেন, “দীর্ঘ ১১ বছর পর এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। বিশেষ করে আসামির সম্পত্তি বিক্রি করে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার আদালতের নির্দেশটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম