রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন ৩ জুলাই, নদী রক্ষায় সচেতনতা তৈরির আহ্বান

রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন ৩ জুলাই, নদী রক্ষায় সচেতনতা তৈরির আহ্বান
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূরীকরণ, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর পদ্মা (সেভ দ্য গঙ্গা)’ শীর্ষক সাড়ে সাত কিলোমিটার মিনি ম্যারাথন। আগামী ৩ জুলাই (শুক্রবার) এ আয়োজন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার (৩০ জুন) সকালে রাজশাহীর পদ্মা গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ ও সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন। তিনি জানান, মিনি ম্যারাথনটি রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হবে। সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এ দৌড়ে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেবেন। লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা মামুন বলেন, পদ্মাসহ দেশের নদ-নদী রক্ষা শুধু পরিবেশগত বিষয় নয়; এটি দেশের অস্তিত্ব, জাতীয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘রান ফর পদ্মা’ শুধু রাজশাহীর একটি কর্মসূচি নয়; এটি দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার একটি সামাজিক আন্দোলন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উজানে একতরফা পানি প্রত্যাহার, নদী দখল, দূষণ এবং নিয়মিত খননের অভাবে দেশের নদীগুলো আজ ভয়াবহ সংকটে রয়েছে। বিশেষ করে পদ্মা নদীতে দীর্ঘ সময় পানির প্রবাহ কমে যাওয়ায় নাব্যতা হ্রাস, জীববৈচিত্র্যের ক্ষতি এবং বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এটি শুধু পরিবেশ নয়, টেকসই উন্নয়ন, কৃষি, জীবিকা ও দেশের সামগ্রিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো পদ্মাসহ দেশের সব নদীকে দখল ও দূষণমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জোরালো করা, বরেন্দ্র অঞ্চলের পানিসংকট ও মরুকরণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক জনমত গড়ে তোলা। পাশাপাশি তরুণদের মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মিনি ম্যারাথন সফল করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ, সিভিল সার্জন কার্যালয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে কাজ করছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা, চিকিৎসাসেবা, রুট ব্যবস্থাপনা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা রিক্তা পারভিন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম সানি, দপ্তর সম্পাদক সামিউর রহমান, সাংগঠনিক সম্পাদক তাহসিন শেখ, কোষাধ্যক্ষ মুজাহিদুর রহমান ফাইন, শামসুর রহমান সানিসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। আয়োজকদের প্রত্যাশা, নদী রক্ষার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ রাজশাহীসহ সারা দেশের মানুষের মধ্যে নতুন সচেতনতা সৃষ্টি করবে এবং পদ্মাসহ দেশের সব নদ-নদী রক্ষার আন্দোলনকে আরও বেগবান করবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন