নওগাঁর ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটক এক তরুণকে বিরক্ত করায় হিরোকে গ্রেফতার

নওগাঁর ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটক এক তরুণকে বিরক্ত করায় হিরোকে গ্রেফতার
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঘুরতে আসা বিদেশি পর্যটক এক তরুণকে হাত ধরে নানাভাবে বিরক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশের পর্যটন ভাবমূর্তি। এ ঘটনায় জড়িত টিকটকার আব্দুল মাবুত হিরোকে সোমবার ২২ জুন গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন যুবক বিদেশি পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে এবং নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন। এতে অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা দেশের পর্যটন শিল্প ও আন্তর্জাতিক ভাব মূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান পাহাড়পুরে এমন আচরণ অত্যন্ত দুঃখ জনক। পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশি-বিদেশি হাজারো পর্যটক এখানে ভ্রমণে আসেন।

সাম্প্রতিক এ ঘটনা পর্যটন খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাহাড়পুর টুরিস্ট পুলিশ ইন্সপেক্টর জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে। পাহাড়পুর বৌদ্ধ বিহারের তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সুনাম রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হতে অনুরোধ জানানো হয়েছে। তিনি আরো জানান, ভাইরাল ভিডিওটি তার নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। সোমবার জয়পুরহাট জেলার বুজরুক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত টিকটকার আব্দুল মাবুত হিরোকে আটক করেন পুলিশ।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার