বাখরাবাদের গ্যাস নতুন সংযোগে বঞ্চিত হোমনা-তিতাস সংসদে বিষয়টি তুললেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
বাখরাবাদ গ্যাস ফিল্ডের উৎপাদিত গ্যাস হোমনা-তিতাসের ওপর দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হলেও নতুন গ্যাস সংযোগ থেকে বঞ্চিত রয়েছেন এ অঞ্চলের বহু গ্রাহক। দীর্ঘদিনের এ জনদাবির বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। জাতীয় সংসদের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে তিনি সরকারের কাছে জানতে চান, হোমনা-তিতাসের ওপর দিয়ে বাখরাবাদ গ্যাস ফিল্ডের গ্যাস দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হলেও এলাকায় গ্যাস সরবরাহ সম্প্রসারণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে। সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সরকার জানায়, হোমনা ও তিতাস উপজেলায় ১৯৯১-৯২ সাল থেকে গ্যাস সরবরাহ চালু রয়েছে এবং বর্তমানে তা অব্যাহত আছে। তবে দেশে উৎপাদিত গ্যাসের ঘাটতি এবং আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরশীলতার কারণে আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি খাতে নতুন গ্যাস সংযোগ স্থগিত রয়েছে।
এদিকে সংসদে বিষয়টি উত্থাপনের পর স্থানীয় পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে নতুন সংযোগের অপেক্ষায় থাকা গ্রাহকদের দাবির বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। হোমনা উপজেলার একজন ব্যবসায়ী মো. রোবেল রানা বলেন, আমাদের এলাকার ওপর দিয়েই গ্যাস সরবরাহ লাইন গেছে। কিন্তু নতুন সংযোগ বন্ধ থাকায় অনেক পরিবার ও প্রতিষ্ঠান এখনও সুবিধার বাইরে রয়েছে। সংসদে বিষয়টি উত্থাপন হওয়ায় আমরা আশাবাদী। স্থানীয় সচেতন মহলের মতে, জনগণের দাবি ও সমস্যার বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরা একজন জনপ্রতিনিধির দায়িত্ব। অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার এ উদ্যোগের মাধ্যমে হোমনা-তিতাসে গ্যাস সংযোগ সম্প্রসারণের দাবি আবারও আলোচনায় এসেছে। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে জাতীয় গ্যাস পরিস্থিতির উন্নতি হলে হোমনা-তিতাসে নতুন সংযোগের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং বাখরাবাদ গ্যাস ফিল্ডের নিকটবর্তী এ অঞ্চল অগ্রাধিকার পাবে।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ