রংপুরে ভুয়া চক্ষু চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা,২০ দিনের কারাদণ্ড
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরে ভুয়া চক্ষু চিকিৎসকের দৌরাত্ম্য দমন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা,২০ দিনের কারাদণ্ড। রংপুরের পীরগাছা উপজেলায় ভুয়া পরিচয়ে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে সাতদরগাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল মান্নান (পিতা: মোঃ উসমান গনি, মাতা: মোছাঃ মর্জিনা বেগম,থানা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সরকারি অনুমোদন ছাড়াই নিজেকে “রংপুর স্পেশালাইজড চক্ষু হাসপাতালের চিকিৎসক” পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানের সময় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, এ ধরনের ভুয়া চিকিৎসা কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এটি গুরুতর প্রতারণা। এ ঘটনায় মাদ্রাসা সুপার মোঃ ফজলুল হকের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান