স্বাস্থ্য খাতে নিরাপত্তা জোরদার ও সেবার মানোন্নয়নে আনসার-ভিডিপির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্ব

স্বাস্থ্য খাতে নিরাপত্তা জোরদার ও সেবার মানোন্নয়নে আনসার-ভিডিপির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্ব
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

স্বাস্থ্যসেবা খাতকে আরও সুরক্ষিত ও কার্যকর করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। রবিবার ১৯ এপ্রিল ঢাকায় তার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সাক্ষাৎকালে তিনি বাহিনীর চলমান প্রশিক্ষণ কার্যক্রম, সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মহাপরিচালক বলেন, দক্ষ ও প্রশিক্ষিত আনসার সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তাদের নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রশংসনীয়। এ সময় মন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের বিভিন্ন জাতীয় দায়িত্ব, বিশেষ করে জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় এই বাহিনীর অবদান অপরিহার্য। সাক্ষাতে দেশের বিভিন্ন হাসপাতালে মোতায়েনকৃত প্রায় ৩৪০০ অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন-ভাতা, নিরাপত্তা ব্যবস্থা ও হাসপাতাল ভিত্তিক সেবার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬-এ উত্থাপিত প্রস্তাব অনুযায়ী দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার সদস্য নিয়োগের বিষয়টি গুরুত্ব পায়। মন্ত্রী এ প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, এর মাধ্যমে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার হবে এবং সেবার মান আরও উন্নত হবে। সাক্ষাতে উভয়পক্ষই আধুনিক, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আনসার-ভিডিপির সক্রিয় সহায়তায় দেশের স্বাস্থ্যখাতকে আরও গতিশীল ও সুরক্ষিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান