ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠিতে এক মা ১৩ মাস বয়সী কন্যাসন্তানের লাশ নিয়ে মানববন্ধন করে বিচারের দাবি জানিয়েছেন। শিশুটির বাবাকে তার মৃত্যুর জন্য দায়ী করে তার বিচার চান তিনি। আজ সোমবার দুপুরে সদর উপজেলার পূর্ব ভাউতিতা গ্রামের এক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিশুটির মা, তার পরিবার ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
শিশুটির মা জানান, ‘২০২১ সালে পূর্ব ভাউতিতা গ্রামের হৃদয় ব্যাপারীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে আমি গর্ভবতী হই। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তান জন্ম দিই। তখন হাসপাতালে হৃদয়, তার মামা রফিক হাওলাদার ও নানা মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন। তারা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আনুষ্ঠানিকভাবে আমার সঙ্গে হৃদয়ের বিয়ের প্রতিশ্রুতি দেন। তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যান হৃদয় ও তার স্বজনরা। পরে তারা শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান। এক ভিক্ষুক ওই শিশুকে উদ্ধার করে একটি চাইল্ড হোমে পাঠান। সেখানেই সে বেড়ে ওঠে। ঘটনার তিন মাস পর আমি ও আমার পরিবার বিষয়টি জানতে পারি। ডিএনএ পরীক্ষাসহ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের ৯ মার্চ শিশুটিকে অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসি। পরদিন তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তার মৃত্যু হয়।’
এদিকে, ৯ মার্চ শিশুটির মা ধর্ষণের অভিযোগে হৃদয় ব্যাপারীসহ তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা করেন। অভিযুক্ত হৃদয় ব্যাপারী পলাতক। তবে তার বাবা আবুল ব্যাপারী ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ