কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি নেতা-কর্মীদের; সালাহউদ্দিন আহমদ

দিকনির্দেশনামূলক বক্তব্য

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি নেতা-কর্মীদের; সালাহউদ্দিন আহমদ
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ কারও ওপর কোনো ধরনের অন্যায় বা নিপীড়ন চালাতে পারবেন না। কোনো বিশৃঙ্খলা, চাঁদাবাজি বা অনিয়মের খবর যেন কানেপড়াও না হয়। প্রশাসনকে পূর্ণ সহযোগিতা দিতে হবে। গতকাল রোববার রাতে কক্সবাজারের চকরিয়ায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি ওই এলাকার স্থানীয় সংসদ সদস্যও।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর গতকাল দুপুরে প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা সফরে যান সালাহউদ্দিন আহমদ। রাত প্রায় ১০টার দিকে চকরিয়া পৌর এলাকার সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোতে অবস্থান নেন তিনি। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে আসা স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘দেশে এমন শাসনব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে জনগণ উপলব্ধি করতে পারে—বিএনপি ক্ষমতায় আসার পর তারা নির্বিঘ্নে জীবনযাপন করছে। উন্নতি পাবে, শৃঙ্খলা পাবে, শান্তি পাবে।... সবাইকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। প্রশাসনকে সহায়তা দিতে হবে। উন্নয়নমূলক কাজে আপনারা পরামর্শ দেবেন, বাকি দায়িত্ব আমি পালন করব।’

চকরিয়ায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে রাত সাড়ে ১০টার দিকে নিজ গ্রামের বাড়ি পেকুয়ার সিকদারপাড়ায় যান সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি তাঁর মা–বাবার কবর জিয়ারত করেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় যোগ দেবেন সালাহউদ্দিন আহমদ। সেখানে সরকারি কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। পরে বেলা ২টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকায় ফিরে যাবেন তিনি।

দৈনিক বিজয় নিউজ/ ই