মাদকের টাকা না পেয়ে নিজের বসতবাড়িতে আগুন দিলেন যুবক
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পরিবারের কাছ থেকে মাদক কেনার টাকা না পেয়ে নিজের বসতঘরে আগুন দিয়েছেন এক যুবক। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। রোববার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার টাউন জৈনকাঠি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম বিশ্বজিৎ রায় (৩০)। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করতেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে ঢাকায় চলে গিয়েছিলেন। কিছুদিন আগে তারা বাড়িতে ফিরে আসেন।
বিশ্বজিতের বাবা অতুল রায় জানান, মাদক কেনার টাকা চেয়ে পরিবার অস্বীকৃতি জানালে তাঁর ছেলে ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে কেরোসিন ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, আগুন দেওয়ার অভিযোগে স্থানীয়রা বিশ্বজিৎকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুড়ে যাওয়া ঘরটি তাঁর বাবার হওয়ায় এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন