"প্লট বরাদ্দ দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার যুক্তিতর্ক ১৩ জানুয়ারি"
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
পূর্বাচল নিউটাউন প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১০ কাঠার একটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ রিটেন্ড মামলাটির শুনানি শেষে বিচারক রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে কৌঁসুলি জহিরুল ইসলাম জানান, আজকের তারিখে আসামি পক্ষের সাফাই সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত ছিল। কারাগারে অবস্থানরত একমাত্র আসামি মোহাম্মদ খুরশীদ আলম আদালতে সাফাই সাক্ষ্য দেননি। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের সাক্ষ্যগ্রহণেরও সুযোগ হয়নি। আদালত তাই পরবর্তীতে যুক্তিতর্কের জন্য ১৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন। এ মামলায় এখন পর্যন্ত ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাতের দায়ের করা এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার কন্যা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে। গত বছরের ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তীতে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
দৈনিক বিজয় নিউজ/ ই