দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মো. মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোপন সূত্রে জানা যায়, রানীরবন্দর বাজারে মাংস বিক্রেতা মো. রনি ইসলামের বাড়িতে অসুস্থ গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ বলেন, “অসুস্থ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বাজারে বিক্রি হতে দেওয়া হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান