হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে নীরবতা ও দোয়া

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে নীরবতা ও দোয়া
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের স্মরণে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সম্প্রতি মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহত হোমনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল মিয়া, তার মেয়ে সামিয়া, ছেলে সজীব ও শামীম এবং হেলাল মিয়ার ফুপু রায়েশা বেগমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মেঘনা নদীসহ নৌপথের নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শেফালী বেগম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঘারমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মোল্লা, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সাব মিয়া ও আবু নাসের ওয়াহেদ সম্পদসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ