দিনাজপুর আনসার-ভিডিপি'র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

দিনাজপুর আনসার-ভিডিপি'র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বনায়ন সৃষ্টিতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এ কথা বলেছেন দিনাজপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান। বুধবার ২৩ সেপ্টেম্বর দিনাজপুর আনসার-ভিডিপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির শুরুতে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে প্রশিক্ষণ কেন্দ্রের অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ ও সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হতে পারে। গাছ আমাদের অমূল্য সম্পদ এবং প্রকৃত বন্ধু। গাছ থেকে পাওয়া অক্সিজেন ছাড়া মানুষের জীবনধারণ সম্ভব নয়। তাই শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রতিটি গাছকে বাঁচিয়ে তুলতে হবে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এজন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যায় এগিয়ে আসতে হবে। দিনাজপুর আনসার-ভিডিপি জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বৃক্ষরোপণ অভিযানকে আরও বিস্তৃত করতে জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি অব্যাহত রয়েছে। বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. মনিরুজ্জামান, বিভিন্ন উপজেলার প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, আনসার-ভিডিপির দলপতি ও দলনেত্রী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান