চোরা না শোনে ধর্মের কাহিনী আব্দুল করিম মৃধা কলেজে বৈদ্যুতিক তার ও মিটার চুরির চেষ্টা

চোরা না শোনে ধর্মের কাহিনী আব্দুল করিম মৃধা কলেজে বৈদ্যুতিক তার ও মিটার চুরির চেষ্টা
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলা শহরের ৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় অবস্থিত আব্দুল করিম মৃধা কলেজে বৈদ্যুতিক তার ও মিটার চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, একদল দুর্বৃত্ত রাতের আঁধারে কলেজের ভেতরে প্রবেশ করে সমাজকল্যাণ ও প্রশাসনিক ভবনে ঢুকে বৈদ্যুতিক তার ও মিটার কাটার চেষ্টা করে। এ সময় কলেজের নৈশপ্রহরী মো. ইউসুফ মৃধা বিষয়টি টের পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এবং কলেজের শিক্ষক রাসেল ও মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। স্থানীয়রা দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় আব্দুল করিম মৃধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান গোলাম রহমানের পক্ষ থেকে পটুয়াখালী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী