নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ৫০ হাজার ৭০ পিস বার্মিজ ইয়াবাসহ সিএনজি ও চালক আটক

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ৫০ হাজার ৭০ পিস বার্মিজ ইয়াবাসহ সিএনজি ও চালক আটক
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ আদর্শগ্রাম চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার ৭০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামী এবং একটি সিএনজি আটক করা হয়েছে। আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকায় আদর্শগ্রাম চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি সিএনজি থামানো হয়। পরবর্তীতে সিএনজিটির গ্যাস সিলিন্ডার তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫ কার্ট (৫০,০৭০ পিস) বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি এবং এর চালক আবুল কালামকে (৩৯) হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামী আবুল কালাম কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

আটককৃত আসামী, সিএনজি এবং উদ্ধারকৃত ইয়াবার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি