সৈয়দপুরে টিএমএসএস'র অর্জন পর্যালোচনা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে টিএমএসএস'র অর্জন পর্যালোচনা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র অপারেশন-৯ দিনাজপুর ডোমেইনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) সৈয়দপুর বিমানবন্দর সড়কের ক্যান্ট বাজারের বন্ধন কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএস'র প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত সংস্থাটির দিনাজপুর ডোমেইন প্রধান  উপপরিচালক সাগর কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টিএমএসএস'র সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মো. সোহরাব আলী খান। প্রধান অতিথির বক্তব্যে মো. সোহরাব আলী খান বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে টিএমএসএস কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিক ও উদ্ভাবনী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, টিএমএসএস লাভের উদ্দেশ্যে নয়, বরং সেবার মানসিকতা নিয়ে সারাদেশে সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ে গুরুত্বারোপের পাশাপাশি সম্ভাবনাময় নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণ কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন। সভায় দিনাজপুর ডোমেইনের ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রমের অর্জন, অগ্রগতি ও ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করেন ডোমেইন প্রধান উপপরিচালক সাগর কুমার বড়ুয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিএমএসএস'র নির্বাহী উপদেষ্টা মো. আতাউল রহমান, অপারেশন এন্ড উন্নয়ন পরিচালক মো. রেজাউল করিম, যুগ্ম পরিচালক মো. কামরুজ্জামান এবং নির্বাহী সচিবালয়ের উপপরিচালক মো. শাফি পারভেজ প্রমূখ। বক্তারা টিএমএসএসের প্রতিষ্ঠার লক্ষ্য, নারীর ক্ষমতায়ন, সামাজিক দায়বদ্ধতা, মানবিক কার্যক্রম এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক ও মানবিক কার্যক্রমকে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন।

যুগ্ম পরিচালক মো. কামরুজ্জামান বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে আইসিটি দক্ষতা অর্জনের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সভায় দিনাজপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জোনের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে জোন প্রধান মো. আহসান হাবিব, মো. রুহুল আমিন, মো. মাসুদ জাহেদী এবং মো. আব্দুল আলীম। অনুষ্ঠানে দিনাজপুর ডোমেইনের অধীন সকল জোন প্রধান, ১৪টি রিজিয়নের প্রধান এবং ৭৭টি শাখা প্রধান অংশগ্রহণ করেন। কর্মশালায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ডোমেইনের ভূমিকা, নতুন কৌশল ও প্রযুক্তির ব্যবহার, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা দলভিত্তিক আলোচনা, কেস স্টাডি ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পান। সভায় জানানো হয়, এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের মাধ্যমে কর্মকর্তাদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে টিএমএসএসের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করা হবে। আধুনিক টিএমএসএস'র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম ভার্চুয়ালি যুক্ত হয়ে সদস্যদের সঞ্চয়ের নিরাপত্তা দেয়া, সুশাসন বিষয়ে শুন্য সহনশীলতা দেখানো, লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন নিশ্চিত করা,  সকলকে সৎ থাকা বাধ্যতামূলক মতে পরামর্শ দেন। অনুষ্ঠানে টিএমএসএস'র উপ-নির্বাহী পরিচালকের একান্ত সচিব মেহেদী আল পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শাখার সন্তোষজনক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কয়েকজন কর্মকর্তাকৃত পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর ডোমেইনের এইচআর কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান