নওগাঁয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘হাতেখড়ি’র নাট্যকর্মশালায় শিশুরা পাঠ্যবইয়ের পাঠ শিখল অভিনয়ে

নওগাঁয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন  ‘হাতেখড়ি’র নাট্যকর্মশালায় শিশুরা  পাঠ্যবইয়ের পাঠ শিখল অভিনয়ে
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘হাতেখড়ি’র আয়োজনে তিন দিনব্যাপি শিশুনাট্যকর্মশালা শেষ হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। পাঠ্যবইয়ের বিজ্ঞান, গণিত ও সমাজবিজ্ঞানের মতো জটিল বিষয়গুলো মুখস্থ না করে কীভাবে আনন্দের সঙ্গে শেখা যায়, তা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলল একদল শিশু। সমাপনী দিনে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের নির্বাচিত কিছু অধ্যায় অবলম্বনে ৪টি নাটক মঞ্চস্থ করে ৪০ জন শিশু-কিশোর। তাদের প্রাণবন্ত অভিনয়ের মধ্য দিয়ে পাঠ্যবইয়ের নিরস বিষয়গুলো যেন জীবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষার বাইরে গিয়ে নাট্যচর্চার মাধ্যমে পাঠ্যবইয়ের বিষয়গুলো সহজ ও আনন্দময় করে তোলাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য। তিন দিনের এই কর্মশালায় অংশ নেওয়া শিশুরা মাত্র এক দিনের অনুশীলনেই একেকটি অধ্যায় আত্মস্থ করতে সক্ষম হয়। কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমির জামান। তিনি বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি কার্যকর শিক্ষাপদ্ধতিও। শিশুদের কল্পনাশক্তি ও যুক্তিবোধ বিকাশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাতেখড়ির সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুতের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এফ এম সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক নবির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন লিটন ও জাহাঙ্গীর ইসলাম বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন। বক্তারা বলেন, শিশুদের সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে নাট্যচর্চার বিকল্প নেই। এটি শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের মানসিকতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশুদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার