"জনগণের দুর্ভোগ সৃষ্টিকারী রাস্তা অবরোধের বিরুদ্ধে হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা"

ছবিঃ সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

রাস্তা-ঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেবে। এ বিষয়ে কোনও রকম ছাড় দেওয়া হবে না।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন1শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, সভায় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অগ্রগতি, 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-২', অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং সীমান্ত ও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনওভাবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের সর্বত্র গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় ও সক্রিয়তা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও বাহিনীর দ্রুত প্রশিক্ষণ সম্পন্ন, নির্বাচনকালীন সময়ে মাঠপর্যায়ে সমন্বিত ও সক্রিয় ভূমিকা পালন এবং রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণা চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ সভায় দেওয়া হয়। নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধও জানানো হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী জোর দিয়ে বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তী সরকার অটল। যারা নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করবে তারা ব্যর্থ হবে এবং এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ রক্ষা ও যেকোনো অপতৎপরতা রোধে ভোটকেন্দ্রসহ প্রয়ােজনে যেকোনো স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে সক্ষম হবে।

শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় আগামী ৭ জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে বলে তিনি জানান। এ ঘটনায় ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর এজেন্ট বা নাশকতাকারীদের যেন বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করতে না দেওয়া হয়, সে ব্যাপারে দলগুলােকে সতর্ক থাকতে বলা হয়েছে। দলগুলাের পারস্পরিক দোষারোপের ফাঁকে যেন এরা সুবিধা নিতে না পারে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

'অপারেশন ডেভিল হান্ট ফেজ-২' এর হালনাগাদ তথ্য দিয়ে তিনি বলেন, গত ১৩ ডিসেম্বর শুরু হওয়া এই অভিযানে গত রবিবার পর্যন্ত ১৪,৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে মামলা ও পরােয়ানাভুক্ত ১৯,২৩৫ জনসহ মোট গ্রেফতার হয়েছে ৩৩,৮০৪ জন। এছাড়া অভিযানে ২০১টি আগ্নেয়াস্ত্র, ১,৫৪১টি গুলি, ৫৬৬টি কার্তুজ ও ১৬৫টি দেশীয় অস্ত্রসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা হয় এবং সামাজিক মাধ্যম গুজব-অপপ্রচার রোধ ও উসকানিমূলক বক্তব্য পরিহারের ওপর বিস্তারিত আলোচনা করা হয় বলে তিনি জানান।

দৈনিক বিজয় নিউজ/