"শহীদ হাদির বিরুদ্ধে ফেসবুকে অপমানজনক পোস্ট: দিনাজপুর পলিটেকনিকের শিক্ষার্থী বহিষ্কার"

দিনাজপুর জেলার ম্যাপ

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে শহীদ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে কটাক্ষপূর্ণ ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশে গত রোববার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থী মনমোহন রায় ছিলেন প্রতিষ্ঠানের পাওয়ার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। অফিস আদেশে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ ও ফেসবুকের তথ্যের ভিত্তিতে মনমোহন রায়ের বিরুদ্ধে শহীদ ওসমান বিন হাদির শাহাদাতবরণকে কটাক্ষ, বিদ্রূপ ও উল্লাস প্রদর্শনের পাশাপাশি ক্যাম্পাসে নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর ওসমান বিন হাদির মৃত্যুর দিনে মনমোহন রায় তার ফেসবুক অ্যাকাউন্টে ‘হেডশট ডান, মেডিকিট নিয়ে আর কত দিন’ শিরোনামে একটি পোস্ট দেন। এই পোস্টের বিরুদ্ধে প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী আপত্তি জানান ও তার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনও মনমোহন রায়কে তাদের দিনাজপুর শাখার সমন্বয় দল থেকে বহিষ্কার করে। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ বিষয়ে জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিধি অনুসারে মনমোহন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ ই