গলাচিপায় জাকের পার্টির জনসভায় মোস্তফা আমির ফয়সালের ভার্চুয়াল বক্তব্য
দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের নির্দেশনায় শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে সারাদেশব্যাপী জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত র্যালি ও জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৫টায় পটুয়াখালীর গলাচিপা পৌরমঞ্চে উপজেলা জাকের পার্টির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পৌরমঞ্চ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরমঞ্চে এসে জনসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সিনিয়র সহসভাপতি মো. ওহাব এলাহী। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জাকের পার্টির সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক গণি আমিন তালুকদার, সহসভাপতি তসলিম হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা জাকের পার্টি ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল বক্তব্যে চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বলেন— “আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভেতর কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। জাকের পার্টি মানুষের দল, মানবতার দল—গরিব, দুঃখী মানুষের দল, স্বার্থান্বেষীদের দল নয়। তাই জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী।”
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন