আসন্ন ফুটবল টুর্নামেন্টে মুখরিত পাবিপ্রবি: খেলায় প্রাণ, ক্যাম্পাসে উৎসবের আমেজ

আসন্ন ফুটবল টুর্নামেন্টে মুখরিত পাবিপ্রবি: খেলায় প্রাণ, ক্যাম্পাসে উৎসবের আমেজ
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কেন্দ্রীয় মাঠে যেন এখন উৎসবের আমেজ। মাঠজুড়ে দৌড়, ঘাম আর চিৎকারে মুখর প্রতিটি বিকেল। কারণ, সামনে আসছে বহুল প্রতীক্ষিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট–২০২৫। এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাসের রেশ। আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের দল গঠন করে নিয়মিত অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিকেল নামলেই কেন্দ্রীয় মাঠ যেন রূপ নেয় ক্ষুদ্র এক স্টেডিয়ামে—খেলোয়াড়দের অনুশীলন, কোচের নির্দেশনা, আর দর্শকদের উৎসাহে মুখর পুরো প্রাঙ্গণ।

ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. শামিম হোসেন বলেন, “আমরা প্রতিদিন নিয়মিত অনুশীলন করছি। আশা করি, আমাদের দল ভালো ফলাফল অর্জন করবে এবং বিভাগের গৌরব বজায় রাখবে।” অন্যদিকে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. রুমন হোসেন জানান, “টুর্নামেন্টকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে দারুণ উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সবাই নিজের বিভাগকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে।”

শুধু খেলোয়াড় নয়, সাধারণ শিক্ষার্থীরাও সমানভাবে আগ্রহী এই টুর্নামেন্টে। বিকেলে মাঠের ধারে ভিড় করে তারা—কেউ প্রিয় দলের অনুশীলন দেখতে, কেউবা বন্ধুর পায়ের জাদুতে উচ্ছ্বাসে মাততে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অনুরাগীদের মতে, এমন আয়োজন শুধু বিনোদন নয়; এটি শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, দলীয় চেতনা ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। পাবিপ্রবির প্রাণকেন্দ্র হয়ে ওঠা এই মাঠ এখন আশায় বুক বেঁধে আছে—কে হবে এবারের চ্যাম্পিয়ন, আর কারা ছিনিয়ে নেবে দর্শকদের হৃদয়। সময়ের অপেক্ষা শুধু ২৮ অক্টোবরের বাঁশির শব্দের—যেখান থেকে শুরু হবে নতুন এক ফুটবল উৎসবের গল্প।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়