বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর "কমান্ড কনফারেন্স" অনুষ্ঠিত: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি সভাপতিত্বে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে গুরুত্বপূর্ণ "কমান্ড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৯ অক্টোবর এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধানত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এ বাহিনীর দায়িত্ব পালনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করার ঘোষণা দেওয়া হয়। সদর দপ্তর কনফারেন্স রুমে এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি, উপমহাপরিচালকগন ও বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ। একইসঙ্গে দেশের সকল রেঞ্জ কমান্ডার, ব্যাটালিয়ন অধিনায়ক, জেলা কমান্ড্যান্ট এবং জোন অধিনায়কগণ অনলাইন প্ল্যাটফর্ম “জুম অ্যাপ” এর মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে কনফারেন্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। মহাপরিচালক কমান্ড কনফারেন্সে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ বাহিনীর প্রস্তুতির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি নির্বাচনকে দেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, “এই নির্বাচনে বাহিনীর দক্ষ, প্রশিক্ষিত ও অভিজ্ঞ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে নিয়োজিত করা হবে। তিনি কর্মকর্তা ও সদস্যদের প্রতি জাতীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার কঠোর নির্দেশ দেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, “জাতীয় দায়িত্বপালনের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা নয়, বরং রাষ্ট্র ও জনগণের প্রতি আনুগত্যই হবে আমাদের মূল অঙ্গীকার।” তিনি বাহিনীর অরাজনৈতিক ও পেশাদার চরিত্র অক্ষুণ্ণ রাখার ওপর বিশেষভাবে জোর দেন।কনফারেন্সে মহাপরিচালক মহোদয় সম্প্রতি সমাপ্ত হওয়া শারদীয় দুর্গাপূজায় আনসার সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, আনসার সদস্যদের নিঃস্বার্থ ও কার্যকর ভূমিকা দেশের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে, যা বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করেছে। এই কনফারেন্সের মাধ্যমেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বপালনের প্রাথমিক প্রস্তুতি আনুষ্ঠানিক ভাবে শুরু হলো।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান